বরিশাল সিটির কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ইভিএম

১১ জুন, ২০২৩ ০০:১০  

সোমবার (১২ জুন) অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) পঞ্চম পরিষদের নির্বাচন। এবার বরিশালের সবগুলো কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম মেশিনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

ভোটগ্রহণ করতে এরই মধ্যে ১২৬ টি কেন্দ্রের ৮৯৪ টি বুথের জন্য দেড় হাজার ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পাঠানো হয়েছে।।

রোববার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির। তিনি জানান, সকালে ইভিএম মেশিনসহ সব মালামাল বুঝে নেন প্রিজাইডিং অফিসাররা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিজ নিজ কেন্দ্রে চলে যান।

এদিকে ১২৬ টি কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

অপরদিকে ইভিএমকে ভোট দেওয়ার সবচেয়ে নিরাপদ পদ্ধতি উল্লেখ করে নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অনেকেই বলেন ইভিএমে নাকি জিন-ভূত আছে। কিন্তু অনেক ওঝা ঝাড়-ফুঁক করেও কিছু পায়নি।

এবার বরিশাল সিটি নির্বাচনে ৭ মেয়র, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিলে মোট ১৬৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন ও নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।